গোপালগঞ্জকে ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়ে শহীদ ওসমান হাদি আগেই সতর্ক করেছিলেন। বর্তমানে সেখানকার পরিস্থিতি তাঁর সেই আশঙ্কাকেই সত্য প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।

বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারেনি রাষ্ট্র। বরং হত্যার বিচার দাবির বিষয়টি আড়াল করতে একটি মহল হাদির চরিত্রহননের চেষ্টা করছে।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও সহিংসতায় মদদ দেওয়ার অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে শুধু সুশীল বক্তব্য দিয়ে আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

হত্যার বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, রাষ্ট্র কেন এখনো ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি, সেই প্রশ্ন না তুলে তাঁর বক্তব্য ও ক্ষোভকে সামনে এনে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ওসমান হাদি শুধু রাজপথের একজন কর্মী ছিলেন না; তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি ও দার্শনিক। তাঁর সাংস্কৃতিক ও আধিপত্যবাদবিরোধী চিন্তা বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক।

আবদুল্লাহ আল জাবের জানান, ইনকিলাব মঞ্চ শুধু হত্যাকাণ্ডের বিচারই নয়, এর পেছনে কারা জড়িত এবং কী স্বার্থে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা জাতির সামনে প্রকাশের দাবি জানাচ্ছে। পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মানুষের চিন্তা ও মনস্তত্ত্বে পরিবর্তন আনাও তাদের অন্যতম লক্ষ্য।