দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

assets.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

পুরোনো ফ্যাসিবাদ ফিরতে পারবে না, নতুন ফ্যাসিবাদের জন্মও হবে না: মামুনুল হক

পুরোনো ফ্যাসিবাদ ফিরতে পারবে না, নতুন ফ্যাসিবাদের জন্মও হবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, পুরোনো ফ্যাসিবাদ বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসতে পারবে না এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্মও হতে পারবে না।

তিনি বলেন, জুলাই বিপ্লব হয়েছে চিরতরে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য। এটাই জুলাই বিপ্লবের অংশীজনদের অভিন্ন প্রত্যয়।

মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী।

মামুনুল হক বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকারকে গণপ্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি; বরং বাংলাদেশকে অনিরাপদ অবস্থায় রেখে পালিয়ে গেছে। তিনি অভিযোগ করেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আগুন সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্যের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

তিনি বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। গণহত্যার আসামি হিসেবে তাকে দেশে এনে আদালতের মাধ্যমে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদদের পরিবার আজও স্বজন হারানোর বেদনা বহন করছে। জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ গত ১৫ বছরের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীকে বিচারের আওতার বাইরে রাখার সুযোগ নেই।

সরকারের উদ্দেশে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জুলাই সনদ কার্যকর করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নিতে হবে। ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম পূর্ণাঙ্গ সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদী নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মূল নিবন্ধ: https://assets.dainiksokal.com/politics/146154-purono-fzasibad-firte-p