দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

assets.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে, ভুল করেছি মাফ করে দাও: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে, ভুল করেছি মাফ করে দাও: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে আগে নিজেদের ভুল স্বীকার করে মুচলেকা দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর ভাষায়, ‘বাবা ভুল করেছি, মাফ করে দাও। আমি গণরায় বাস্তবায়ন করব।’

সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় এনসিপির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার অর্থ এই নয় যে, বিএনপির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও অপরাধের বিষয়গুলো ভুলে যেতে হবে। আলোচনার পাশাপাশি এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, গত আট মাসে দেশে যেসব ব্যবসায়ী চাঁদাবাজির শিকার হয়েছেন, যারা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এসব ঘটনার বিচার ও জবাবদিহির প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

সমাবেশে তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে নানা আলোচনা থাকলেও দুটি বিষয় নিশ্চিত করতে হবে। একটি হলো গণভোটের রায় বাস্তবায়ন, অন্যটি সীমান্তে ভারতের আধিপত্যবাদী অবস্থানের অবসান।

এনসিপির এই নেতা বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই গণহত্যা ও ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এসব বিষয় বাদ দিয়ে কোনো সংলাপ বা সমঝোতা গ্রহণযোগ্য হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আলোচনা চলবে, তবে সেই আলোচনার ভিত্তিতে যেসব বিষয় সামনে এসেছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। অতীতের নির্যাতন, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনাগুলো সংলাপের কারণে আড়াল হতে দেওয়া হবে না।

তারেক রহমানের উদ্দেশে নাসীরুদ্দীন বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। জুলাইয়ের আত্মত্যাগে রাজপথে সক্রিয় তরুণেরা এখনো তাঁদের দাবি আদায়ে সোচ্চার রয়েছেন।

ওসমান হাদির হত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। যত দিন তাঁরা বেঁচে থাকবেন, তত দিন এই সংগ্রাম চলবে।

ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করে ভারতীয় পণ্য বর্জনের আহ্বানও জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, একদিকে ভারতবিরোধিতার কথা বলা হবে, অন্যদিকে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে না—এ ধরনের দ্বিমুখী অবস্থান গ্রহণযোগ্য নয়।

বিচারপ্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর অভিযোগ, হত্যাকাণ্ডের বিচার করতে গঠিত ট্রাইব্যুনালের কার্যক্রমে নানা অসংগতি দেখা যাচ্ছে। যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের পুনর্বাসন ও অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। কোনো সংলাপের কারণে শহীদদের আত্মত্যাগ ও হত্যাকাণ্ডের ইতিহাস ভুলে যাওয়া হবে না বলেও মন্তব্য করেন।

চট্টগ্রামের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই চট্টগ্রাম থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন করে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে।

বাংলাদেশ কোনো দেশের আধিপত্য মেনে নেবে না উল্লেখ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার বিকেলে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপি। নিউ মার্কেট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি কোতোয়ালি মোড় ও লালদীঘির মোড় প্রদক্ষিণ করে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সালেহ উদ্দিন সিফাতসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে—আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

মূল নিবন্ধ: https://assets.dainiksokal.com/politics/146082-bienpike-mucleka-dize-b