বিনোদন ডেস্ক দৈনিক সকাল
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অভিনেতার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
প্রাথমিকভাবে জানা গেছে, ‘নসীব’ নামের একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। জেলার মমইন এলাকায় শুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিনেতার মৃত্যুর বিষয়টি নির্মাতা ও প্রযোজক এমডি ইকবালও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন সোহেল খান। তাঁর আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তবে তাঁর জানাজা ও দাফনের সময়সূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।