দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

assets.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

আলু নিয়ে কৃষক-ব্যবসায়ী ও হিমাগার মালিকদের হাহাকার,কেজিতে লোকসান ১৫ টাকা

আলু নিয়ে কৃষক-ব্যবসায়ী ও হিমাগার মালিকদের হাহাকার,কেজিতে লোকসান ১৫ টাকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

দেশের আলুর রাজধানী হিসেবে পরিচিত মুন্সীগঞ্জে এবার আলুর বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষক, ব্যবসায়ী কিংবা হিমাগার মালিকদের মুখে। বাজারে আলুর দরপতনে উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগারে সংরক্ষণ ও পরিবহন খরচও তুলতে পারছেন না সংশ্লিষ্টরা।

প্রতি কেজি আলুতে ১৩ থেকে ১৪ টাকা এবং প্রতি বস্তায় ৮০০ টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে উৎপাদন, পরিবহন, শ্রমিকের মজুরি ও হিমাগার ভাড়াসহ কৃষকদের প্রতি কেজি আলুতে খরচ পড়ছে ২৬ থেকে ২৭ টাকা। অথচ সেই আলু বিক্রি করতে হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকায়।

এমন পরিস্থিতিতে টানা দ্বিতীয়বারের মতো লোকসানের মুখে পড়ে ঋণের বোঝায় দিশেহারা হয়ে পড়েছেন আলুচাষিরা। বিপাকে পড়েছেন হিমাগার মালিকরাও। আগামী ১ ডিসেম্বর হিমাগারে আলু সংরক্ষণের সময়সীমা শেষ হচ্ছে। এর আগে সংরক্ষিত আলু খালাস করার বাধ্যবাধকতা থাকলেও বাজারে ক্রেতা না থাকায় কীভাবে এসব আলু সরানো হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।

টঙ্গিবাড়ীর আলু ব্যবসায়ী ও কৃষক আব্দুল মজিদ কাজী বলেন, 'আমাদের অবস্থা খুব খারাপ। ১০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। ব্যবসা শেষ, করার কিছু নাই। হিমাগারে আলু রাখার সময় খালি বস্তা কিনেছি ১০৫ টাকা দিয়ে। পরিবহন খরচ হয়েছে ১০০ টাকা।

সব মিলিয়ে বস্তা আনতেই খরচ ২০৫ টাকা। এরপর হিমাগার ভাড়া দিতে হচ্ছে ৩০০ টাকা। অর্থাৎ উৎপাদন খরচ বাদেই হিমাগারে আলু রাখতে খরচ হয়েছে ৫০৫ টাকা। অথচ এখন আলু বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়।

উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগারে আনা ও ভাড়ার টাকাও উঠছে না। সব দিক দিয়ে গৃহস্থ ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষক কিছুই পাচ্ছেন না। আলুর কোনো দাম নেই, সবই লোকসান।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে মুন্সীগঞ্জের ছয়টি উপজেলায় ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এতে উৎপাদন হয়েছে ১১ লাখ ১২ হাজার ৯৩২ মেট্রিক টন আলু। জেলায় আলু সংরক্ষণের জন্য ৭৪টি হিমাগার থাকলেও সচল রয়েছে ৬০টি। এসব হিমাগারের মোট ধারণক্ষমতা ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টন।

মৌসুমের শুরুতে জেলার হিমাগারগুলোতে প্রায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। তবে গত ২০ নভেম্বর পর্যন্ত হিমাগারগুলোতে অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪২৪ মেট্রিক টন আলু।

এর মধ্যে বীজ আলু ৬৮ হাজার ৯১২ মেট্রিক টন এবং খাবার আলু ৯৭ হাজার ৫১২ মেট্রিক টন। সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, শুধু অবশিষ্ট খাবার আলুতে সম্ভাব্য লোকসানের পরিমাণ দাঁড়াবে ১২৬ কোটি ৭৭ লাখ থেকে ১৩৬ কোটি ৫২ লাখ টাকা।

আলু ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুতে প্রতি বস্তা আলু কিনতে হয়েছে ১ হাজার ১০০ টাকায়। এর সঙ্গে হিমাগার ভাড়া ৩০০ টাকা যোগ করে প্রতি বস্তায় মোট খরচ দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ টাকা। অথচ বর্তমানে সেই আলু বিক্রি করতে হচ্ছে মাত্র ৪৫০ থেকে ৫৫০ টাকায়। ফলে প্রতি বস্তায় ৮০০ টাকারও বেশি লোকসান হচ্ছে।

কৃষকদের হিসাবেও লোকসানের চিত্র আরও ভয়াবহ। প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ১৬ থেকে ১৮ টাকা। এর সঙ্গে পরিবহন, শ্রমিকের মজুরি ও হিমাগার ভাড়া যোগ করলে মোট খরচ দাঁড়ায় ২৬ থেকে ২৭ টাকা।

কিন্তু পাইকারি বাজারে সেই আলু বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকায়। অন্যদিকে খুচরা বাজারে একই আলুর দাম ১৮ থেকে ২০ টাকা। কৃষকরা মূলত পাইকারদের কাছে আলু বিক্রি করায় খুচরা বাজারের বাড়তি দামের কোনো সুফল পাচ্ছেন না।

গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আশায় এবার অনেক কৃষক ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। কেউ কেউ গবাদিপশু ও জমিজমা বন্ধক রেখেও চাষাবাদে বিনিয়োগ করেন। কিন্তু এবারও ন্যায্য দাম না পাওয়ায় তাদের সেই আশা ভেঙে গেছে। পরপর দুই মৌসুম লোকসানে পড়ে অনেক কৃষকেরই এখন ঋণ পরিশোধ ও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

কৃষক জুয়েল তালুকদার বলেন, 'আমাদের আলুর দাম নেই। অথচ বীজ আলুর দাম আকাশছোঁয়া। ব্র্যাক, বিএডিসি ও এসিআইয়ের বীজ আলু প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা বাক্রের ৫০ কেজি আলুর দাম ১২ হাজার ৫০০ টাকা। অথচ আমরা হিমাগারে উৎপাদিত আলু বিক্রি করতে পারছি না।'

এদিকে আলুর দরপতনে কৃষকদের পাশাপাশি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন হিমাগার মালিকরাও। টঙ্গিবাড়ীর নুর ও সানোয়ারা কোল্ড স্টোরের ব্যবস্থাপক আব্দুস ছাত্তার বলেন, 'এ বছর আমাদের হিমাগারে ৪ লাখ ৪০ হাজার বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল।

এখনো প্রায় এক-তৃতীয়াংশ আলু রয়ে গেছে। কৃষকদের কাছ থেকে আলু সংরক্ষণের সময় প্রতি বস্তার বিপরীতে ২০০ থেকে ৩০০ টাকা করে ঋণ দিয়েছি। যারা ২০০ টাকা ঋণ নিয়েছেন, তাদের কাছ থেকে হিমাগার ভাড়া ৩০০ টাকাসহ এখন প্রতি বস্তায় ৫০০ টাকা পাওনা রয়েছে। অথচ বাজারে আলু বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। ফলে কৃষকরা আলু খালাস করতে আসছেন না।'

তিনি আরও বলেন, 'হিমাগারে এখনো বিপুল পরিমাণ আলু থাকায় কোনো অংশের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। এতে প্রতি মাসে বড় অঙ্কের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়লেও আলুর দাম নেই।

এ কারণে কৃষকদের পাশাপাশি হিমাগার মালিকরাও বড় লোকসানে পড়েছেন। শেষ পর্যন্ত কৃষকরা আলু না নিলে শ্রমিক দিয়ে সেগুলো বাইরে ফেলতে আরও অতিরিক্ত খরচ করতে হবে।'

দেওয়ান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মো. ইব্রাহিম জানান, তাদের হিমাগারে সংরক্ষিত আলু ৩০ নভেম্বরের মধ্যে খালাস করার নির্দেশনা রয়েছে। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও অনেক আলু অবিক্রীত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা লোকসানের পাশাপাশি বিদ্যুৎ বিল ও হিমাগার রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করতে হচ্ছে। এতে ব্যাংকঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে।

আলু সংরক্ষণের ক্ষেত্রেও দীর্ঘদিনের সংকটের কথা জানিয়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, মুন্সীগঞ্জে আলু উত্তোলন শুরুর আগেই রংপুরসহ উত্তরাঞ্চলের আলু এসে হিমাগারগুলোর প্রায় ৭০ শতাংশ জায়গা দখল করে নেয়।

ফলে জেলার কৃষকরা বাকি ৩০ শতাংশ জায়গায় আলু সংরক্ষণের সুযোগ পান। উৎপাদিত আলুর অর্ধেকেরও বেশি হিমাগারে রাখার সুযোগ না থাকায় অনেক কৃষক বাড়ির মাচায় আলু সংরক্ষণ করেন। দীর্ঘদিন মাচায় রাখার কারণে এসব আলুর একটি অংশ পচে যায়। পরে বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমান বলেন, বর্তমানে আলুর বাজারমূল্য কম থাকায় কৃষকরা লোকসানের মুখে পড়েছেন। তাদের ক্ষতি কমাতে আলু নিয়ে করণীয় বিষয়ে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।

পাশাপাশি আলু উৎপাদনের খরচ কমানো এবং রপ্তানিযোগ্য আলু উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মূল নিবন্ধ: https://assets.dainiksokal.com/country-news/146224-alu-nize-krrishk-bzbsazee