মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান (৬৫) নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন খোরশেদ আলম। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত খোরশেদ আলম ভাই চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।