দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

assets.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

ফ্যামিলি কার্ড ও সরকারি ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩

ফ্যামিলি কার্ড ও সরকারি ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩

জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:

ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলায় শতাধিক মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

চক্রটির এক সদস্য নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতেন। এ ছাড়া স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করেও মানুষের আস্থা তৈরি করেছিলেন তাঁরা।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া করে চক্রটির তিন সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে প্রতারণার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শাকিল আহমেদ পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সোমবার (২৩ নভেম্বর) কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারণার বিষয়টি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীরা অভিযুক্তদের খুঁজতে বের হন। একপর্যায়ে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের কাউখালী থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার আসপরদী গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক বাসিন্দার কাছ থেকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করেছে চক্রটি। অভিযুক্ত শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার সুবাদে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দিতে সক্ষম বলে প্রচার করতেন।

তাঁর প্রস্তাব অনুযায়ী, সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় সরকারি ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

স্থানীয়দের বিশ্বাস অর্জনের জন্য প্রায় দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ শুরু করে চক্রটি। এতে অনেকেই তাঁদের ওপর আস্থা রাখেন। পরবর্তী সময়ে সেই আস্থাকে পুঁজি করে সরকারি সুবিধা দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা নেওয়া হয়।

টাকা নেওয়ার পর অভিযুক্তরা গা ঢাকা দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। চক্রটির অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফাহিমাও ঘটনার এক দিন আগে কাউখালী ছেড়ে চলে যান বলে তাঁদের দাবি।

প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার পর রোববার রাতে ভুক্তভোগী নারী-পুরুষের ভিড় বাড়তে থাকে কাউখালী থানায়। তাঁদের মধ্যে অর্ধশতাধিক নারী ছিলেন। টাকা হারানোর কথা জানাতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রতারণার শিকার ব্যক্তিদের মধ্যে দিনমজুরের পাশাপাশি স্কুলশিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন।

থানায় আসা ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৪ জন ফ্যামিলি কার্ড পাওয়ার আশায়, ৩৭ জন কম দামে নিত্যপণ্য কেনার জন্য এবং ১২ জন সরকারি ঘর ও টিউবওয়েল পাওয়ার আশায় টাকা দিয়েছেন। তবে এই তালিকার বাইরেও অনেক ভুক্তভোগী থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সে ক্ষেত্রে প্রতারণার শিকার মানুষের সংখ্যা ও আত্মসাৎ করা অর্থের পরিমাণ আরও বাড়তে পারে।

উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে নেতাকর্মীরা অভিযুক্তদের আটক করেন। এস এম আহসান কবির বলেন, ‘এই চক্রকে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হোতা পালিয়ে গেছেন। তাঁকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

এদিকে থানায় ভুক্তভোগীদের ব্যাপক উপস্থিতির খবর পেয়ে রোববার রাতে সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। তিনি ওসিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মূল নিবন্ধ: https://assets.dainiksokal.com/country-news/146106-fzamili-kard-oo-srkari-gh